শপথ ছাড়াই সংসদে বসার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ কার্যকর: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদে শপথ নেওয়া বাধ্যতামূলক নয়। সংসদে বসার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ ভোট কার্যকর হবে। তবে কোনো ইস্যুতে ‘না’ ভোট থাকলে সেই বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার ব্যবস্থা থাকবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সকাল ৮টায় মন্ত্রী লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ গড়ার স্বার্থে সব ইস্যুতে বিরোধিতা না করে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।”
শহীদ বেদিতে মব সৃষ্টি ও বিশৃঙ্খলা নিয়ে মন্ত্রী বলেন, “যারা মব সৃষ্টি করে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবেন।”
এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।