শহীদ মিনারে ফুল দিতে এসে বাধা ও ধাওয়ার মুখে পড়েছেন জাতীয় পার্টি–এর নেতাকর্মীরা। এ সময় তাঁদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে ব্যানার ছিনিয়ে নিয়ে তাঁদের শহীদ মিনার এলাকা থেকে সরে যেতে বাধ্য করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারী-এর ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে অবস্থান করা একদল ব্যক্তি তাঁদের দেখে ‘ভুয়া’ স্লোগান দিতে দিতে এগিয়ে আসে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ওই দলটি জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছ থেকে ব্যানারটি ছিনিয়ে নেয়। পরে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।