প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য ঘোষিত সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগেই প্রদান শুরু করবে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, সম্মানীর নির্দিষ্ট অঙ্ক এখনো চূড়ান্ত না হলেও ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করা হবে।
মাহদী আমিন জানান, নির্বাচনের আগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টি ছিল বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে কিছু এলাকায় কার্যক্রম চালু হলেও পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছেন। এর মধ্যে মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। খুব শিগগিরই ধাপে ধাপে এসব কার্যক্রম শুরু হবে এবং ঈদের আগেই অন্তত একটি বড় অংশের মানুষ এর সুফল পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।