জামালপুরে ‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি ইউনিয়ন কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী এই পতাকা উত্তোলন করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। পরে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সেখানে মোনাজাত করা হয়।
পতাকা উত্তোলন ও মোনাজাত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন। তবে ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর দীর্ঘদিন ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।