দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ড. ইফতেখারুজ্জামান শনিবার (২১ ফেব্রুয়ারি) বলেন, দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১ ফেব্রুয়ারির চেতনার পরিপন্থী।
তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা একুশের চেতনার মূল ভিত্তি। ধর্ম, জাতি বা অন্যান্য কোনো বৈষম্য কখনো গ্রহণযোগ্য নয়। যারা নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগণের অধিকার হরণ করে, তারা একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কাজ করছেন এবং আমরা তা প্রত্যাখ্যান করি।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা বাস্তবায়িত হবে। এখানে সকল মানুষের সমান অধিকার, সামাজিক মর্যাদা, সহাবস্থান ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটাই একুশের মূল চেতনা। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, একুশের চেতনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য দিশারী। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রতিটি উদ্যোগে এই চেতনার প্রাধান্য থাকা উচিত।