নোংরামি করলে বরদাশত করা হবে না-জামায়াতকে আব্দুল কাদেরের হুঁশিয়ারি
গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করছে। তিনি অভিযোগ করেন, ‘গোলাম আযমকে ভাষাসৈনিক হিসেবে উপস্থাপন করে জামায়াত জঘন্য মিথ্যাচার করছে।’ শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, “নোংরামি করলে বরদাশত করব না।”
শহীদ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো প্রসঙ্গে তিনি লেখেন, জামায়াত–শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে-তা বাধ্য হয়েই হোক কিংবা অন্য যেকোনো কারণে-এটি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তবে একই সঙ্গে তিনি বলেন, তাদের মানসিকতায় পরিবর্তন না এলে এই রূপান্তর টেকসই হবে না।
আব্দুল কাদের লেখেন, জামায়াতের মধ্যে মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারির মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “এই প্রবণতা আমরা মেনে নেব না এবং হতেও দেব না।”
পোস্টে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে এমন অনেক ঘটনায় জামায়াত দুঃসাহস দেখিয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন আন্দোলন ও ঘটনার কৃতিত্ব নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারা। তিনি বলেন, পরিবর্তনের দাবি করলে এসব রাজনৈতিক ‘নোংরামি’ থেকেও বের হয়ে আসতে হবে।
শহীদ মিনারে ফুল দেওয়া প্রসঙ্গে আব্দুল কাদের লেখেন, দীর্ঘদিন ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে ‘নাজায়েজ’ বলে প্রচার করা হলেও এখন জামায়াত নিজেরাই সেখানে ফুল দিচ্ছে-এটি ভালো দিক। তবে সেটিকে অতিরিক্তভাবে জায়েজ প্রমাণ করতে গিয়ে গোলাম আযমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি জামায়াতের আমিরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “পরিবর্তন হলে স্বাগত জানাব। কিন্তু ইতিহাস বিকৃতি ও নোংরামি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।”