নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা দেন।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, “ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত। ইরান অবস্থানরত নাগরিকরা দ্রুত দেশ ছেড়ে যাওয়ার ব্যবস্থা নিক।” তিনি আরও বলেন, “এখনও আকাশপথ এবং স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই দেশের বাইরে চলে যাওয়া উচিত। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় সহায়তা করতে পারবে না।”
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হোয়াইট হাউসে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানকে চাপে রাখতে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে পরিস্থিতি খারাপ হতে পারে।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, সম্ভাব্য সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও পরিকল্পনার অংশ হতে পারে।