২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্তভাবে নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, তবে তা অনুমোদন দেওয়া হয়নি। আদালতের রায় অনুযায়ী তাদের চাকরি ফেরত দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই প্রধান উপদেষ্টার দপ্তরকে জানানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা স্পষ্ট নয়, তবে তিনি জোর দিয়ে বলেন, “তারা অবশ্যই ন্যায়বিচার পাবে এবং চাকরিতে ফিরবে।” এ সময় তিনি আরও জানান, বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের কাজে হস্তক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ বাধা সৃষ্টি করলে বা হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।