আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ঈদের আগেই হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনি অঙ্গীকার। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে।
১৪ সদস্যের এই কমিটিতে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীদ্বয়, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদসহ মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
সরকারি সূত্র জানায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো নিয়মিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে সহায়তা পাবে। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।