যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। আমাদের লক্ষ্য হলো স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গতিশীল করা।’ দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি না-এ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে নেওয়া হবে।’
স্থানীয় সরকার পরিচালনায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় স্থানীয় বাস্তবতা ভালোভাবে বোঝেন এবং তারা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। তিনি আরও জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেসব এলাকায় আগে নির্বাচন হবে। সে হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অগ্রাধিকার পাবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।