চাঁদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ৩ কিশোর গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের কিশোর আদালতে সোপর্দ করা হয়, যেখানে আদালত তাদের জামিন মঞ্জুর করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খেড়িহর গ্রামের একটি খেলার মাঠের পাশে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে চারজন ধর্ষণ করে।
ভুক্তভোগী শিশুটি প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছিল, কিন্তু অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
শাহরাস্তি থানায় শিশুর মা বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট চার কিশোরকে আসামি করা হয়েছে—দুইজনের বয়স ১০ বছর, অন্য দুইজনের ১২ বছর। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি এক আসামিকে ধরফেরার চেষ্টা চলছে।