নতুন সরকারকে সময় দিন: সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নতুন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো সরকারই হঠাৎ জাদুর চেরাগ নিয়ে আসে না। তাই নতুন সরকারের কাজ শুরু করতে কিছু সময় প্রয়োজন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে তিনি এ বার্তা দিয়েছেন। ফাওজুল কবির জানান, “সাংবাদিক ও সাধারণ মানুষ আমার পূর্বতন দফতরের বিষয়সমূহ সম্পর্কে জানতে চাইলে আমি অপারগতা জানাই। আমার দায়িত্বকালেই অনেক বিষয় আমরা শুরু করেছি, কী করেছি, এখন কোথায় আছি এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো বিস্তারিত জবাবদিহি রেখে এসেছি।”
তিনি আরও উল্লেখ করেন, তিনি তিনটি মন্ত্রণালয়ে উত্তরসূরির জন্য বিস্তারিত তথ্য ও নির্দেশনা রেখে গেছেন। পাশাপাশি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের সংক্ষিপ্ত কার্যক্রম পুস্তিকা প্রকাশ করা হয়েছে। ফাওজুল কবির বলেন, “সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল এবং ছায়া মন্ত্রিসভা আছে, আমাদের কোনো দল নেই। তাই এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যে দলই নির্বাচিত হোক, জাতি হিসেবে আমরা তাদের পেছনে দাঁড়াব।”
নতুন সরকারকে সময় দেয়ার গুরুত্বের ওপর তিনি বলেন, “ভালো কিছু পেতে হলে সরকারের জন্য সময় দিতে হবে। অবকাঠামো খাতে প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত মেয়াদে আমরা অনেক ভালো কাজ করতে পারিনি।”
তিনি সবাইকে আহ্বান জানান, নতুন সরকারের প্রতি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করতে এবং প্রয়োজনে বর্তমান কর্ণধার ও দফতর প্রধানদের সঙ্গে যোগাযোগ করতে।