কে এই নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। উচ্চশিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি, স্পেশালাইজড পুলিশ ব্যুরো (এসপিবিএন)-এর ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সিলেটে র্যাপিড রেসপন্স ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এবং খুলনার ৩ এপিবিএন, ঢাকার ৫ এপিবিএন ও সিলেটের ৭ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এপিবিএনের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।
বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও তিনি এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। ব্যক্তিগত জীবনে আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।