চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন দলের ভাগাভাগি জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পদ ভাগাভাগি করে জয় পেয়েছে তিনটি রাজনৈতিক মতাদর্শের প্যানেল। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৬টি, বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫টি এবং জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা ২টি পদে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (ওদুদ-কনক পরিষদ) প্রার্থী এবং বর্তমান পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নজরুল-হাসিব পরিষদের প্রার্থী আলহাজ নজরুল ইসলাম (২), যিনি পেয়েছেন ৭৯ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহা. আবু হাসিব ৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোহা. মাহমুদুল ইসলাম (কনক) পান ৭৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২৭ জন। এর মধ্যে ২০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত প্যানেল পূর্ণ ১৩ সদস্যের প্যানেল দিয়ে নির্বাচন করলেও আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১২ জন এবং জামায়াত সমর্থিত প্যানেল ১১ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেয়।
চূড়ান্ত ফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক (দ্বিতীয়), অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে (প্রথম ও তৃতীয়) জয় লাভ করেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতি ছাড়াও সহ-সভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে (দ্বিতীয় ও চতুর্থ) নির্বাচিত হন।
এ ছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা সহ-সাধারণ সম্পাদক (প্রথম) এবং গ্রন্থাগার সম্পাদক পদে বিজয় অর্জন করেন।