প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা: তথ্য হালনাগাদ করুন
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য হালনাগাদ করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।
ট্রাস্ট মঙ্গলবার প্রকাশিত চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ মার্চের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যাদের বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করা হয়েছে, তাদের তথ্য সংশোধন করা জরুরি।
এমন শিক্ষার্থীদের জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন করতে হবে এবং বাবার, মায়ের বা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। একই সঙ্গে, যাদের বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও NID নম্বর এন্ট্রি করা হয়নি, তাদের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে।
চিঠিতে সতর্ক করা হয়েছে, অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ প্রাপ্তির ফলে যদি সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তবে তার দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করবেন এবং কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য সংশোধন ও হালনাগাদ সম্পন্ন করতে।