রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাম্প্রতিক বক্তব্যে জুলাই আন্দোলনকে অসম্মান করা হয়েছে দাবি করে তাকে অপসারণ এবং সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দেওয়া বক্তব্যের মাধ্যমে মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রপতির দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। নোটিশে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনকে অবমূল্যায়ন করে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন করানোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয়-এর সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মন্তব্য করেন। তার ওই বক্তব্য ঘিরেই দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই আইনি নোটিশ পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।