যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে ‘সবচেয়ে বিধ্বংসী হামলার’ হুঁশিয়ারি আইআরজিসির
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রবিবার (১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি দাবি করেছে-অভিযান ‘কিছুক্ষণের মধ্যেই’ শুরু হবে এবং তা মধ্যপ্রাচ্যজুড়ে তথাকথিত ‘অধিকৃত ভূখণ্ড’ ও ‘আমেরিকান ঘাঁটিগুলোতে’ আঘাত হানবে। এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি লেখেন, খামেনি মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে-শনিবার ভোরে খামেনির কর্মস্থলে হামলা চালানো হয়। ওই সময় তিনি দায়িত্ব পালন করছিলেন।
ফার্স নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে বলা হয়, হামলায় খামেনির মেয়ে ও নাতি নিহত হয়েছেন। পাশাপাশি তার জামাতা ও পুত্রবধূর মৃত্যুর খবরও জানানো হয়েছে। সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার (১ মার্চ) থেকে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।