অমর একুশে বইমেলায় আজ সময়সূচির পরিবর্তন, বিকেলে বিশেষ আয়োজন
অমর একুশে বইমেলা-এর আজকের কার্যক্রমে আনা হয়েছে আংশিক পরিবর্তন। সংশোধিত সূচি অনুযায়ী, মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম। প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির এবং আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
শনিবার মেলায় নতুন বই এসেছে ৩৮টি। শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনায় ভাষা সংগ্রামী আহমদ রফিক-এর জীবন ও কর্ম তুলে ধরেন বক্তারা। মোস্তফা তারিকুল আহসান বলেন, আহমদ রফিক ছিলেন সৃজনশীল ও সংবেদনশীল ব্যক্তি; অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠনে তিনি আজীবন সোচ্চার ছিলেন।
অধ্যাপক মনসুর মুসা বলেন, আহমদ রফিক কেবল ভাষা সংগ্রামী নন, তিনি ছিলেন জীবন সংগ্রামীও। মানুষের জীবনমান উন্নয়নে তার দীর্ঘ সংগ্রাম ও সৃজনশীল কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।