ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হবে
আসন্ন ঈদুল ফিতরের পর সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সমন্বয়ে পরিকল্পিতভাবে নিউমার্কেটের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে। এমন ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার বিকালে মিরপুর রোড করিডোরে নিউমার্কেটে ডিএসসিসির নির্মিত আধুনিক ফুটওভার ব্রিজের উদ্বোধনের সময় তারা এই ঘোষণা দেন। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ৩১টি মার্কেট পরিবেষ্টিত নিউমার্কেটে নতুন ব্রিজ চালু হওয়ায় পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে। তবে ব্রিজে কোনো অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না এবং শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও নাগরিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেন, রমজান মাসে পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে হবে এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।