তেহরানে নতুন হামলা, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশ সংস্থা ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন ও ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর জেনারেল অব ইন্সপেক্টর পদেও দায়িত্বে ছিলেন।
এদিকে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায় ইরানি সরকারের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের খবর জানিয়েছেন।শহরের আজাদি স্কয়ার ও মিলাদ টাওয়ার সংলগ্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলির ছবি ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ‘রেড ক্রিসেন্ট শান্তি ভবন’-এর আশপাশের এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের টেলিগ্রাম বার্তায় বলা হয়, খাতাম আল আনবিয়া হাসপাতাল, মোতাহারি হাসপাতাল ও বেহজিস্তা হাসপাতাল–এর কাছেও হামলা হয়েছে।