৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, ফেরত চাওয়া হলো প্রায় ৯০ কোটি টাকা
সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুত করা তালিকা রোববার প্রকাশ করা হয়।
অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলাম-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ গ্রহণ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৯০ কোটি টাকার সমান। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের তাগিদ দেওয়া হয়েছে।
ডিআইএ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের (https://dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।