ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসসহ গুলশান ও বারিধারার পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ দমন-সংক্রান্ত সহযোগিতা এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা জোরদারে ‘স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্স’ (স্পিয়ার) বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। কূটনৈতিক এলাকার নিরাপত্তা সুসংহত করতে ‘স্পিয়ার’ কর্মসূচি বাস্তবায়নে তারা আগ্রহী বলেও জানান তিনি। রাষ্ট্রদূতের ভাষ্য, এ কর্মসূচির জন্য দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা প্রয়োজন; অন্যথায় বরাদ্দকৃত মার্কিন তহবিল ফেরত যেতে পারে বা অন্যত্র স্থানান্তরিত হতে পারে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়ে দ্রুত এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অনুবিভাগের যুগ্ম সচিব রেবেকা খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা এরিক গিলান, শেন স্যান্ডার্স, তানিক মুনির ও রাইলি পামারট্রি উপস্থিত ছিলেন।