সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান। চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি বলেও দাবি করা হয়েছে। এমনকি তিনি অনুতপ্ত হয়ে কোনো বিবৃতিও দেননি বলে উল্লেখ করা হয়।
এছাড়া ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নৈতিক ও আইনি বৈধতা হারিয়েছেন-এমন দাবি করা হয় চিঠিতে।
চিঠির শেষাংশে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর বিবেচনার ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।