সংস্কার ত্বরান্বিতে এনসিপির নতুন কমিটি ঘোষণা
জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক’ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটির প্রধান ও উপপ্রধানসহ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কমিটির প্রধান করা হয়েছে আখতার হোসেনকে এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সারোয়ার তুষার। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, নীতিগত প্রস্তাব প্রণয়ন এবং সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—মরিয়ম শারমিন, সুলতান জাকারিয়া, জাবেদ রসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদুল হক, জাকির ইসলাম মুসা, আরমান হোসেন, ইশতিয়াক আবির ও মুনা হাসনা।
দলটির নেতারা জানান, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নীতি-সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সুসংগঠিত উদ্যোগ নেওয়া হবে।
এনসিপি বলছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় একটি কার্যকর সংস্কার প্রক্রিয়া অপরিহার্য। সেই লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।