ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়কাল নিয়ে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। মার্কিন গণমাধ্যম Fox News–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu বলেন, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধ চান না।
নেতানিয়াহু বলেন, আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছি-মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে যুদ্ধ কতদিন চলবে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি। বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করবে। এ বক্তব্য থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তনের পরিবেশ তৈরিই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর প্রশংসা করে বলেন, ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং এক কথার মানুষ।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম Daily Mail-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চলমান অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। তার ভাষ্য, দেশটি বড়। তবে তারা যত শক্তিশালীই হোক, চার সপ্তাহের বেশি লাগবে না।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম হলেও, ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো এবং দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব অপসারণের মাধ্যমে বদলানো কঠিন।
এনআর