চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধির সংবাদ দৃষ্টিগোচর হওয়ামাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের খুচরা বাজারে মূল্য বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়। পরবর্তীতে বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে টানানো বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি নীতিমালা অনুযায়ী জনসাধারণের চলাচল ও নগর সৌন্দর্য রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে অতিরিক্ত প্রেস সচিব জানান।