লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে: জাতিসংঘ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বরাতে এ তথ্য জানায় এএফপি।
সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ বলেন, লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা ও রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। তিনি জানান, ইসরায়েল ৫৩টিরও বেশি লেবাননি গ্রামের বাসিন্দাদের এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে এবং এসব অঞ্চলে তীব্র বিমান হামলা চালানো হয়েছে।
বাবর বালুচ বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষকে নিবন্ধন করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়িতে রাত কাটাচ্ছেন। আরও অনেকে নিরাপত্তার খোঁজে হেঁটে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করছেন।এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে তাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা তিনটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “ইসরায়েলের দিকে হিজবুল্লাহর গোলাবর্ষণ ও ইসরায়েলের তীব্র পাল্টা হামলার ঘটনায় লেবাননে সংঘাত বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধ করে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেসামরিক হতাহত, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং দক্ষিণ লেবাননে পুনরায় ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।