আফগানসহ চার দেশের শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা, চার দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের নতুন করে ভিসা দেওয়া হবে না। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত রাখা হবে। হোম অফিস জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সব সময় আশ্রয় দেবে; তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকারের ধারণা, এতে আশ্রয়প্রার্থীদের কাছে দেশটি তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে উঠবে এবং অনিয়ন্ত্রিত আবেদন কমবে।