নুরুল হক নুর।
শ্রম থেকে সরানো হলো নুর, হাতে এখন এক মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে একটিতে সীমিত করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
গেজেট অনুযায়ী, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তিনি কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব বণ্টনের সময় তাকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ-দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে সেই সিদ্ধান্ত আংশিক সংশোধন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।