ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বুধবার (৪ মার্চ) রাতে সলিমুল্লাহ মুসলিম হলসংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এ ঘটনাকে ‘এক কলঙ্কময় রাত’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
নিজের পোস্টে তিনি জানান, অভিযুক্ত মাহবুবুর রহমান পলাশী মার্কেটে দুধ সরবরাহের কাজ করেন। সলিমুল্লাহ মুসলিম হলের পাশের ফুটপাতে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টা করার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
পরে কোনো ধরনের শারীরিক আঘাত ছাড়াই তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ও পরে থানায় যান বলেও উল্লেখ করেন সর্ব মিত্র চাকমা।
তিনি আরও বলেন, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন এবং ‘শয়তানের প্ররোচনায়’ এ কাজ করেছেন বলে দাবি করেন।
এদিকে ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ধর্ষণচেষ্টার ঘটনায় অনেক সময় পর্যাপ্ত প্রমাণ পাওয়া কঠিন হয়। এছাড়া মামলা পরিচালনার ব্যয় ও আইনি জটিলতার কারণে কেউ বাদী হতে রাজি না হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।