যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্যমতে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৫ জন নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলারও হুমকি দিয়েছে।
তেহরান থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, চলমান হামলায় পুরো দেশই বিভিন্ন দিক থেকে আক্রান্ত। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার পাল্টা হামলা শুরু করেছে।
তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত ‘আমেরিকান ঘাঁটি’ লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ-৪’।
সূত্র: আল জাজিরা।