হিন্দু সম্প্রদায়ের মধ্যে দলিত, হরিজন, রবিদাস, নমশূদ্র ও বৈশ্যশূদ্রসহ নিম্নবর্ণের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার এসব জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত করা জরুরি।
এক বক্তব্যে তিনি বলেন,
“হিন্দুদের মধ্যে দলিত, হরিজন, রবিদাস, নিম্ন বর্ণের হিন্দু নমশুদ্র, বৈশ্যশুদ্র যারা আছেন তারা আমাদের ভাই, তারা সমাজে অনেক বঞ্চিত হয়ে আছেন, অধিকাংশ মুসলমানের হয়ে কথা দিচ্ছি আল্লাহ আমাকে নির্বাচিত করলে এই আসনে এদের জীবনমান উন্নয়নের জন্য সবার আগে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত না হলে সামগ্রিক সামাজিক অগ্রগতি সম্ভব নয়। দীর্ঘদিন ধরে দলিত ও নিম্নবর্ণের অনেক মানুষ দারিদ্র্য, শিক্ষায় পিছিয়ে থাকা, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং সামাজিক বৈষম্যের মতো নানা সমস্যার মুখোমুখি।
সংশ্লিষ্ট মহলের মতে, এসব সম্প্রদায়ের মানুষ অনেক ক্ষেত্রে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন মনোভাবের শিকার হন, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আক্তার হোসেন বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সংশ্লিষ্ট আসনে বসবাসরত দলিত ও নিম্নবর্ণের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
এনআর