দেশের জনপ্রিয় নির্মাতা, উপস্থাপক ও লেখক একেএম হানিফ সংকেত চলতি বছরের স্বাধীনতা পুরস্কার-২০২৬-এ ভূষিত হতে যাচ্ছেন। সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন হানিফ সংকেত। রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ দর্শক-অনেকেই তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।
বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎও প্রিয় বন্ধুর এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বন্ধুর এই সম্মান প্রাপ্তিতে তিনি অত্যন্ত আনন্দিত এবং তার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। দীর্ঘ কয়েক দশক ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নির্মাণ ও উপস্থাপনার মাধ্যমে হানিফ সংকেত দেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে আসছেন। সমাজ সচেতনতা, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। সেখানে তিনি বলেন, সরকারের দেওয়া এই সম্মান তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন এবং এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বরং যারা দীর্ঘদিন ধরে তাকে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা দিয়েছেন এই সম্মান তাদের সবার।
সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে তার এই সম্মানকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।