মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সাত দিনের ব্যবধানে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে পরিচালিত অন্তত ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শনিবারও বেশ কয়েকটি ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ আকাশপথে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। এরপর ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।
শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ও কুয়েত থেকে পরিচালিত কয়েকটি ফ্লাইট রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছে। এসবের মধ্যে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, ইউএস-বাংলা এয়ারলাইন্স, গালফ এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এক সপ্তাহে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।