মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার প্রভাব দেশের শেয়ারবাজারেও পড়েছে। গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন দেখা গেছে। এর ফলে বাজার মূলধন কমেছে ২০ হাজার কোটি টাকার বেশি এবং প্রধান মূল্যসূচকেও বড় ধরনের পতন ঘটেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে মাত্র ৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। অন্যদিকে ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং ৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যে সংখ্যক কোম্পানির শেয়ার বেড়েছে, তার তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
দরপতনের প্রভাবে সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ২ দশমিক ৮৪ শতাংশ।
একই সময়ে বাজারের প্রধান মূল্যসূচকেও বড় পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ। অথচ তার আগের সপ্তাহে সূচকটি ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছিল। এ ছাড়া শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে কমেছে ১৫৭ দশমিক ৯৫ পয়েন্ট বা ৭ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসই শরিয়াহ সূচকও কমেছে ৬৭ দশমিক ৪৭ পয়েন্ট বা প্রায় ৬ শতাংশ।
সূচকের পাশাপাশি বাজারে লেনদেনের পরিমাণও কমেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। আগের সপ্তাহে যেখানে গড় লেনদেন ছিল ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। ফলে প্রতিদিন গড়ে প্রায় ২৮ কোটি ৩৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সাপ্তাহিক হিসাবে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে প্রায় ৪১ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক, যার শেয়ার দৈনিক গড়ে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে।
এ ছাড়া প্রতিদিন গড়ে প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। লেনদেনের শীর্ষ দশে আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইস্টার্ন ব্যাংক। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে গত সপ্তাহে শেয়ারবাজারে বিক্রির চাপ বেশি ছিল।