জাতীয় সংসদের স্পিকার পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।
রাজনৈতিক ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনসংক্রান্ত আইনে দক্ষতা এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা-এসব কারণে তিনি আলোচনায় এগিয়ে রয়েছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত। সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি অনুসরণ নিশ্চিত করা, সংসদে শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদ সদস্যদের অধিকার সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত থাকে। এ কারণে এ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির সাংবিধানিক জ্ঞান, প্রশাসনিক দক্ষতা ও নিরপেক্ষতার সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের বিতর্ক পরিচালনা, রুলিং প্রদান এবং আইনি ব্যাখ্যার ক্ষেত্রে অভিজ্ঞ আইনজ্ঞের উপস্থিতি কার্যকর ভূমিকা রাখতে পারে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন। সাংবিধানিক আইন, নির্বাচনসংক্রান্ত বিষয় এবং জনস্বার্থমূলক নানা ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও আইন পেশার দক্ষতা বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা মতামত রয়েছে। কেউ কেউ মনে করছেন, আইন ও সংবিধান বিষয়ে অভিজ্ঞতা থাকায় তিনি সংসদ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। আবার অন্যদের মতে, স্পিকার নির্বাচন নির্ভর করবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং দলীয় কৌশলের ওপর।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় বিষয়টি আপাতত আলোচনা ও সম্ভাবনার পর্যায়েই রয়েছে। সংসদের নিয়ম ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন সংসদ অধিবেশন ঘিরে স্পিকার পদে কে আসবেন-তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা আরও বাড়তে পারে।