বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে নেটিজেনদের একাংশ দাবি করছেন, ৬৬ বছর বয়সে নাকি আবারও মা হতে চলেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি নীনা গুপ্তা।
বলিউডে তিনি এমন একজন অভিনেত্রী, যিনি ব্যক্তিগত জীবনে নানা সামাজিক বাধা অতিক্রম করে একসময় একক মা হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিতর্ক পেছনে পড়ে গেছে। বর্তমানে মাসাবা নিজের পরিবার ও সন্তান নিয়ে ব্যস্ত।
নীনা গুপ্তা ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই দুজনকে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক আয়োজনে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। হায়দরাবাদে আয়োজিত ওই অনুষ্ঠানে সাদা সিল্কের শাড়ি ও হল্টারনেক ব্লাউজে তাকে দেখা যায়।
সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা জল্পনা। কিছু নেটিজেন ছবিতে তার শরীরের গঠন দেখে ধারণা করছেন, তিনি হয়তো মা হতে চলেছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ মনে করছেন-এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।
তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা গুপ্তা। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।