ঢাকা জেলাসহ দেশের কয়েকটি বিভাগের সংসদ সদস্যদের নিয়ে বিএনপির দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মশালার সকালের অধিবেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে সমাপনী অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সাংসদরা যোগ দেবেন। শনিবার সকালের পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে শুক্রবার দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। একই দিনে বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ নেওয়া একাধিক সাংসদের মতে, সংসদের কার্যপ্রণালী বিধি, অধিবেশন পরিচালনা এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। এবারের নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন মুখ। সংসদীয় কার্যক্রমে দক্ষতা বাড়াতেই তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।