প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (সরকারি সাত কলেজ) সংশ্লিষ্ট সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য পরিবেশে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকার সরকারি সাত কলেজের প্রায় দুই শতাধিক সনাতনী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধর্মীয় সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে বসন্ত উৎসবকে আরও রঙিন করে তোলেন। বসন্তের আবহ, আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পুরো আয়োজনটি শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।
ইডেন মহিলা কলেজের প্রতিনিধি সুস্মিতা কর বলেন, সঠিকভাবে ধর্মচর্চা মানুষকে নৈতিকতা ও সৎপথে পরিচালিত করতে সহায়তা করে। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকারি তিতুমীর কলেজের প্রতিনিধি কৃষ্ণ দাস বলেন, ভক্তি ও আধ্যাত্মিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা করেন।
ঢাকা কলেজের প্রতিনিধি জয়ন্ত হালদার জানান, সরকারি সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।