প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক হামলার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিবেশী দেশের পক্ষ থেকে আগে হামলা না হলে ইরান আর কোনো আক্রমণ চালাবে না।
শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ইরানের কোনো উদ্দেশ্য নেই প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ চালানোর। ইরানের প্রেসিডেন্ট জানান, যদি কোনো প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে আগে হামলা না করে, তাহলে তেহরানও তাদের লক্ষ্য করে কোনো সামরিক পদক্ষেপ নেবে না।
এ সময় তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যদি ইরানের ওপর আক্রমণ চালানোর চিন্তা করে, তাহলে তারা যেন অন্য শক্তির হাতিয়ার হয়ে না ওঠে।
পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের প্রতি সমর্থন আঞ্চলিক দেশগুলোর জন্য সম্মান কিংবা স্বাধীনতার পথ তৈরি করবে না।