যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানান।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আবিদা ইসলামের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। হুমায়ুন কবীর বলেন, সংশ্লিষ্ট হাইকমিশনারকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এটিকে একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনা ঘটল। অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন।
কূটনৈতিক জীবনে আবিদা ইসলাম মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি। তার প্রত্যাহার ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এখনও জানা যায়নি।