প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, মামলার আবেদন ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে এবং গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর নাসিরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব বক্তব্য প্রচার করা হয়, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
বাদীর দাবি, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসামির বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ব্যবহৃত কিছু মন্তব্যকে অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে, যা মির্জা আব্বাসের সুনাম ক্ষুণ্ন করেছে। মামলার আবেদনে বলা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ক্ষতি সাধনের লক্ষ্যে এসব মন্তব্য করা হয়েছে। পাশাপাশি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।