রাজশাহীতে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন হামলার শিকার হন। পরে তিনি মারা যান বলে জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, একটি ধর্মীয় বিষয়কে ঘিরে এমন সহিংসতা অত্যন্ত দুঃখজনক। মসজিদ মুসলমানদের ঐক্য ও শান্তির স্থান-সেখানে সংঘর্ষের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করা হয়। বিবৃতিতে নিহতকে একজন ধর্মপ্রাণ ও সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।