গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর সম্মাননাটি গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে মোট ছয়জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য বিভাগে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য’ বিভাগে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী’ বিভাগে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃসহ অভিজ্ঞতা কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী’ বিভাগে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ বিভাগে মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কৃত হন।
নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নারীর অবদান, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।