পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ রোববার (৮ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের যাত্রার টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারে চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়া হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এর আগে ৩ থেকে ৭ মার্চ পর্যন্ত যথাক্রমে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে প্রবেশ করে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে।