রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। প্রতিদিনের মতোই সকালবেলা রাজধানীর গুলশানের বাসভবন থেকে দাপ্তরিক কাজে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ বাড়ি থেকে বের হওয়ার সময় তার একটি সংক্ষিপ্ত মন্তব্য উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ভিন্ন মাত্রার প্রতিক্রিয়া সৃষ্টি করে।
দরজা খুলেই উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, “চলেন, যুদ্ধে যাই।” মুহূর্তের জন্য উপস্থিতরা কিছুটা বিস্মিত হলেও দ্রুতই স্পষ্ট হয়ে যায়-রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও চ্যালেঞ্জকেই রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে তিনি বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। প্রতিদিনের মতোই ব্যক্তিগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে উক্ত মন্তব্য করেন।
সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। দিনজুড়ে তার একাধিক বৈঠক নির্ধারিত রয়েছে। আজকের সূচিতে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও অন্যান্য দাপ্তরিক বৈঠক ও কার্যক্রম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্য প্রশাসনিক দায়িত্ব পালনে তার মানসিক প্রস্তুতিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।