আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কি না-সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত তার সম্পদ বিবরণীতে প্রায় ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে প্রায় ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর ও ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদনে মোট প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য উঠে আসে। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা শনাক্ত করা হয়। ব্যয় বাদ দিলে নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
পরবর্তী তারিখে গ্রেপ্তার সংক্রান্ত অগ্রগতি জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।