রাজধানীর গুলশান-২ এলাকায় জালিয়াতির মাধ্যমে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার অপর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, তারা যোগসাজশের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অর্থ পরিশোধ ছাড়াই ফ্ল্যাটটি দখল ও পরবর্তীতে রেজিস্ট্রি করেন।
মামলা দায়েরের পর শাহ মো. খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত কার্যক্রম স্থগিতের আদেশ দেন। পরে বিষয়টি চেম্বার আদালতে উঠলেও দুদক ‘নো অর্ডার’ পান।
তদন্ত শেষে গত ১৩ জানুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর আগে প্লট বরাদ্দসংক্রান্ত পৃথক তিন মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয় বলে আদালত সূত্র জানিয়েছে।
পরবর্তী তারিখে হাজিরা সংক্রান্ত অগ্রগতি জানানো হবে।