শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রণীত ম্যানুয়ালের ভিত্তিতে সমঝোতা স্মারক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন স্কুল ও কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ভেন্যুতে প্রশিক্ষণ বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠান প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। প্রশিক্ষণ-পরবর্তী কার্যক্রম তদারকির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। সংশ্লিষ্ট ম্যানুয়ালের নির্দেশনা অনুযায়ী তারা দৈনিক অনুশীলন, কাউন্সেলিং সেবা ও বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। মনিটরিং পুলের কার্যক্রম ম্যানুয়াল ও গাইডলাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
প্রতি বছর নবীন শিক্ষার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে প্রয়োজনবোধে অভিভাবকদেরও প্রশিক্ষণে সম্পৃক্ত করা যেতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অঞ্চল, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সমঝোতা স্মারকের আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।