মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁর অনুসারীদের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। রোববার বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মিজানুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ ওঠে। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, রাতের তারাবির নামাজের পর মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাঁর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন-মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নূপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।